বাগেরহাটে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আপন ভাই ও বোনের মৃত্যুর খবরে দুই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোক ও সহমর্মিতার আবহ বিরাজ করছে।
মৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা আ: জলিল শেখ (৬৮) এবং তার বড় বোন ফকিরহাট উপজেলার ঝুটোতলা গ্রামের রুবিনা বেগম (৭২)। তারা বারুইপাড়া গ্রামের মরহুম আবুল হাসেম শেখের সন্তান।
নিহদের পরিবারিক সুত্রে জানা গেছে, আ: জলিল শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে ফকিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ভাইয়ের মৃত্যুর খবর বোনের স্বজনদের মোবাইলে জানালে সেখান থেকে জানানো হয় বোন রুবিনা বেগমও গুরুতরও অসুস্থ্য। একই দিন ভোররাত আনুমানিক ৪টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুই ঘণ্টার ব্যবধানে ভাই ও বোনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা একে একে ছুটে আসেন শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে।
মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।








