বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, তিনি এমপি হিসেবে নয়, একজন সেবক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকতে চান। নির্বাচনের পর বিভিন্ন এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তরুণ এই সংসদ সদস্য বলেন, এমপি সাহেব বলে আমাকে দূরে সরিয়ে দেবেন না। আমি আপনাদের ভাই ছিলাম, এখনো ভাই হিসেবেই থাকতে চাই। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার গর্ব নয়, বরং দায়িত্ববোধ ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান।
নির্বাচনের পর বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এসব অনুষ্ঠানে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের মৌলিক চাহিদা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাগেরহাট-২ আসনকে একটি মডেল আসনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “নির্বাচন শেষ মানেই দায়িত্ব শেষ নয়, বরং এখান থেকেই প্রকৃত দায়িত্ব শুরু। মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে রাজনীতির কোনো মূল্য নেই।” তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং যে কোনো সমস্যায় সরাসরি তার কাছে আসার আহ্বান জানান।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ নবনির্বাচিত সংসদ সদস্যের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, একজন তরুণ ও উদ্যমী প্রতিনিধি হিসেবে শেখ মনজুরুল হক রাহাদ মানুষের কথা শুনবেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা বিশ্বাস করেন।
অনুষ্ঠান শেষে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।







