১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি

ইঞ্জিনিয়ার রামানাথ পুজারি

বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিআইএফপিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি। তিনি ২৪ ফেব্রুয়ারি  আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও জনসংযোগ) আনোয়ারুল আজিম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, নতুন দায়িত্ব গ্রহণের আগে ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি বাগেরহাটের রামপালে অবস্থিত মৈত্রী সুপার তাপবিদ্যুৎ প্রকল্প-এ প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান এনটিপিসি লিমিটেড-এ নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম, প্ল্যান্টের নির্ভরযোগ্যতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশগত মানদণ্ড নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায় এবং পরিবেশ সংক্রান্ত শর্তাবলি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়। পাশাপাশি সামাজিক উন্নয়ন ও আবাসন অবকাঠামো উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমও বাস্তবায়িত হয়েছে।

রামানাথ পুজারির জন্ম ১৯৬৮ সালে ভারতের ওডিশা রাজ্যে। তিনি ভুবনেশ্বরকলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি  থেকে যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে গুরগাঁও ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট  থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আহমেদাবাদ এবং হার্ভার্ড বিজনেস স্কুল-এ পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

১৯৮৯ সালে এনটিপিসিতে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং বিদ্যুৎ খাতে প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা অর্জন করেন। কর্মজীবনে তিনি কর্পোরেট নিরাপত্তা বিভাগে নেতৃত্ব প্রদানসহ ভারতের ছত্তিশগড়ে অবস্থিত এনটিপিসির ২৯৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিপাট বিদ্যুৎকেন্দ্রের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া পরিকল্পনা, সিস্টেম এবং আঞ্চলিক পরিচালনা সেবা বিভাগেও কাজ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

বিষয়