একাদশ বিসিএস কর্মকর্তাদের সংগঠন একাদশ বিসিএস ফোরাম-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ড. মোঃ ফরিদুল ইসলাম (অবসরপ্রাপ্ত সচিব) সভাপতি ও মোঃ ইহসানুল হক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রবিবার (১ মার্চ ) বিকেলে ঢাকা-এর ইস্কাটনস্থ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শারিয়ার কাদের ছিদ্দিকী। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন ডাঃ আব্দুল হানিফ টাবলু, যিনি ঢাকা মেডিকেল কলেজ-এর সাবেক ভাইস-প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। বক্তারা বলেন, একাদশ বিসিএস ফোরাম দেশের প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে।
এদিকে, সংগঠনের সভাপতি হিসেবে ড. ফরিদুল ইসলাম নির্বাচিত হওয়ায় বাগেরহাটবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখবে।
নবনির্বাচিত কমিটির নেতারা সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানান।











