বাগেরহাটে রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আই`য়ের সহকারী নির্বাহী পরিচালক হেলাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিরুজ্জামান, প্রধান শিক্ষক শিউলি রাণী পাল, নকীব শুকুর আলী, মৃদুল কুমার পাল এবং শেখ শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তারা স্মৃতিচারণ করেন স্কুল জীবনের নানা মুহূর্ত এবং শিক্ষকদের অবদানের কথা তুলে ধরেন।
পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানই নয়, মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।







