বাগেরহাটের শরণখোলায় রিয়া মানি নামের এক কিশোরীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের রাস্তার উপর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। রিয়া মনি রাজৈর গ্রামের আজিম শেখের মেয়ে। সে ওই গ্রামে তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। রিয়া মনির বাবা ও মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার পথে রাস্তার উপর ওই কিশোরীর লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামের কিশোরীর জবাই করা লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ওই কিশোরীকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো। কিশোরীও আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিশোরীর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিষয়কে তদন্ত করে দেখা হচ্ছে।







