১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাগেরহাটে ৩০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করতে বাগেরহাটে প্রায় ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করেছে সামাজিক সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে বাগেরহাট গণপূর্ত অধিদপ্তরের মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ৫০০ গ্রাম করে মাংস দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শুধু জেলা শহরেই নয়, বাগেরহাটের বিভিন্ন এলাকাতেও তাদের এই মানবিক কার্যক্রম চলমান রয়েছে।

মাংস বিতরণকে কেন্দ্র করে সুবিধাভোগীদের মাঝে ছিল স্বস্তি ও আনন্দের আবহ। অনেকেই জানান, আর্থিক সংকটের কারণে এবার কোরবানি দিতে পারেননি তারা। এমন পরিস্থিতিতে এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।

মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান, সমাজসেবক জারিফুর জামান, শেখ আল মামুনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। কোরবানির আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষ ভাগাভাগি করে নিতে পারে, সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে কোনো অসহায় পরিবারই ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকবে না।”

মাংস নিতে আসা এক নারী বলেন, “এবার সংসারের অভাবের কারণে কোরবানি দিতে পারিনি। এই মাংস পেয়ে সন্তানদের জন্য ভালো কিছু রান্না করতে পারবো। অনেক ভালো লাগছে।”

আরেক প্রবীণ সুবিধাভোগী বলেন, “অনেক জায়গায় গিয়েও সহায়তা পাইনি। এখানে সম্মানের সঙ্গে মাংস পেয়েছি। যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরের মতো এবারও নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।

বিষয়