০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, শারীরিক আক্রমণ ও সার্বিক নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নুর জাহান আক্তার তুলি নামের এক নারী।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নুর জাহান আক্তার তুলি বলেন, তার ভাই শাহরিয়ার সাগর দীর্ঘ পাঁচ বছর প্রবাসে থাকার পর চলতি বছরের জানুয়ারি মাসে তিনি দেশে ফেরেন। তাদের বাড়ি সুলতানপুর বাজারের ওপর হওয়ায় এলাকায় চুরি, ডাকাতি ও মাদকের প্রভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তারা বাড়িতে সিসি ক্যামেরা স্থাপন করেন।

তার দাবি, স্থানীয়দের অনুরোধে সিসি ক্যামেরার ভিডিও দেখে বিভিন্ন সময় সংঘটিত চুরি ও অপরাধের ঘটনায় সহায়তা করেছেন তারা। এর মধ্যে মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুসের ৪টি গরু চুরি, হাসি বেগমের ফার্মের ছাগল, আতিয়ার শেখের স্ত্রীর স্বর্নের চেইন, ইউনুচ শেখের অটোরিক্স চুরি এবং সরকারি পুকুরের সোলার প্যানেল চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধের ভিডিও ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়।

নুর জাহান আক্তার তুলি অভিযোগ করেন, এসব ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেওয়ার কারণে তাদের পরিবারের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় একটি সন্ত্রাসী চক্র। গত মে মাসে তাদের সিসি ক্যামেরাটি চুরি করে নিয়ে যাওয়া হয়। ক্যামেরা চুরির ঘটনায় প্রতিবাদ জানালে কয়েকজন ক্ষিপ্ত হয়।

তিনি বলেন, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। সন্ত্রাসী পিন্টু বাহিনীর আতঙ্কে গ্রামের অনেক মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে নুর জাহান আক্তার তুলি চিহ্নিত সন্ত্রাসী পিন্টু ও তার সহযোগীদের গ্রেপ্তার করে কঠোর আইনি শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তার পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুলতানপুর এলাকায় মাদক, চুরি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরিতে জেলা পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিষয়