দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে বাগেরহাটে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বাগেরহাট পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাসিউল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
‘নৌযান শুমারি সকল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’এমন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
আয়োজকরা জানান, দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোরের (বিবিএস) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো ১৯ ও ২৯ আগস্ট নৌযান শুমারি ২০২৬ পরিচালিত হবে।
এই শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের মাধ্যমে ভবিষ্যতে নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
র্যালিতে অংশগ্রহণকারীরা নৌযান শুমারি কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।








