বাগেরহাট সদর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাট। এ সময় মোতাহার মোড়ল (৪৪) নামে এক ব্যক্তির নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতার মোতাহার মোড়ল কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোতাহার মোড়লের বাড়ি থেকে ২ কেজি গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।











