শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণলব্ধ দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে বাগেরহাটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত কিশোরী ও যুবতীদের কর্মমুখী দক্ষতা উন্নয়ন এবং চাকরির সুযোগ তৈরিতে সোমবার (২৩ নভেম্বর) বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে এ মেলার আয়োজন করা হয়।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর সহযোগিতায় বিকল্প শিক্ষা কর্মসূচি (এএলপি)-এর আওতায় আয়োজিত চাকরি মেলায় ৬৮ জন নারী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়েছেন। পাশাপাশি নতুন ১১ জন তরুণ উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ঋণ সহায়তা।
‘ইকোসিস্টেমভিত্তিক বিকল্প শিক্ষা কর্মসূচির মাধ্যমে বাজার চাহিদাভিত্তিক স্থানান্তরযোগ্য দক্ষতা অর্জনের মধ্য দিয়ে সবচেয়ে সুবিধাবঞ্চিত কিশোরী ও তরুণীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বিথী।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ফিন্যান্স ম্যানেজার কাজী খলিল উল্যাহর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষ, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিনিধি এস এম সামছুর রহমান, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বাগেরহাটের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নারীদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই। বিশেষ করে সুবিধাবঞ্চিত কিশোরী ও যুব নারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা গেলে তাঁরা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটাতে পারবেন। তবে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শ্রমবাজারের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন জরুরি।
বক্তারা আরও বলেন, এ ধরনের চাকরি মেলা একদিকে প্রশিক্ষণপ্রাপ্তদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি করে, অন্যদিকে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চাকরিপ্রত্যাশীদের সরাসরি যোগাযোগের ক্ষেত্র তৈরি করে। এর ফলে দক্ষ জনশক্তি ও শ্রমবাজারের মধ্যে দূরত্ব কমবে এবং নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের পথ আরও সুগম হবে।
বক্তারা বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার তরুণ জনগোষ্ঠী। তবে শুধু তরুণ জনগোষ্ঠী থাকলেই হবে না, তাদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। একজন তরুণের হাতে কাজের দক্ষতা থাকলে তিনি নিজের জীবন পরিবর্তনের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন।
নিয়োগকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে বক্তারা বলেন, শুধু অভিজ্ঞতাসম্পন্ন কর্মী নয়, নতুন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদেরও কাজের সুযোগ দিতে হবে। কারণ, আজকের একজন প্রশিক্ষণার্থীই আগামী দিনের দক্ষ কর্মী কিংবা সফল উদ্যোক্তা হতে পারেন।
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২০ সালে শুরু হওয়া বিকল্প শিক্ষা কর্মসূচির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও স্কুলের বাইরে থাকা ১৫ থেকে ২৪ বছর বয়সী কিশোরী ও তরুণীদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। এ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ, জীবনদক্ষতা অর্জন, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো কিশোরী ও তরুণীদের দক্ষতা এবং আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধি, পরিবারে গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি, ইতিবাচক মনোভাব ও আচরণ গড়ে তোলা এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথ তৈরি করা।
চাকরি মেলায় অংশগ্রহণকারী প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীদের জন্য এটি কর্মজীবনে প্রবেশের একটি সম্ভাবনাময় সুযোগ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে চাকরি পাওয়া, নিজের আয় তৈরি করা এবং পরিবারের আর্থিক সহযোগী হওয়ার প্রত্যাশা তাঁদের মধ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। চাকরিপ্রত্যাশীদের জন্য এ ধরনের আয়োজন শুধু চাকরি খোঁজার সুযোগ নয়, বরং নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরারও একটি ক্ষেত্র।







