০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, মাহবুবুর রহমান টুটুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন। তাঁর আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মাজেদা বেগম ফাউন্ডেশনের এ উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিষয়

খানজাহানের পুকুরের কুমিরের হামলায় মেয়েকে হারিয়ে তিন বছর পর পরিবারের কাছে ফিরলেন ফজিলা