০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রববার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার মেঘনিস তলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সাইফুজ্জামান মনা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম। তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং সেই আদর্শ ধারণ করেই দেশ গঠনে কাজ করতে হবে।”

এ সময় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল।

বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও দেশের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিষয়