কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাগেরহাটে ১ হাজার ৩০০ জন কৃষকের মাঝে পাঁচটি করে নারিকেল চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোছা. আতিয়া খাতুন।
উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিত্ব এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুরে জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ১ হাজার ৩০০ জন কৃষককে পাঁচটি করে নারিকেল চারা, জৈব সার ও বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও ৬৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হবে।
বক্তারা বলেন, কৃষি পুনর্বাসন ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণে কৃষকদের উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।













