‘কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আবার কেউ রাজনীতিবীদ হবে। বড় বড় জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে হবে। আর সেই লক্ষ্য অর্জনে এখন থেকেই নিজেদের জীবন গড়ে তুলতে হবে।’ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেছেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ২০২৬ সালের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে হবে। দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। জীবনের শুরু থেকেই বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায় করতে হবে।
যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুফতা হক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম, বিএনপি নেত্রী রুনা গাজী, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী সৈয়দ মাহবুবুর রহমান সুজন, যুবদল নেতা বেগ শামীম হাসান, আবু বক্করসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আরো বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ‘তোমাদের প্রত্যেকের মধ্যে সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আত্মবিশ্বাসী হতে হবে। ব্যর্থতায় ভেঙে পড়া যাবে না। লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।’
বক্তারা বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়; একজন শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।










