০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি

সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। একই সঙ্গে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নামে অপতৎপরতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির অনুরোধ জানানো হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে লিখিত আবেদন করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটন। এই আবেদনের অনুলিলিপি সরকারী বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

আবেদনে বলা হয়, সরকারের অনুমোদনহীন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে কিছু ব্যক্তি ভুয়া পরিচয়পত্র তৈরি করে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন। সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও ব্যবসায়ীদের হয়রানি করছেন। এমনকি ব্ল্যাকমেইল করে সম্মানহানি ও প্রতারণার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছে প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশার মূল শক্তি মানুষের আস্থা ও বিশ্বাস। অথচ কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন। তাদের কর্মকাণ্ডের দায় কোনোভাবেই প্রকৃত সাংবাদিক বা পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর চাপানো যায় না। এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে সাংবাদিকতা পেশার প্রতি মানুষের আস্থা ও সম্মান ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের পরিচয় ও মর্যাদা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে ভুয়া পরিচয়ধারীদের প্রতারণা থেকে বাঁচাতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। সাংবাদিক পরিচয় দিলেই কাউকে গণমাধ্যমকর্মী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। সংশ্লিষ্ট পরিচয় ও প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার বিষয়ে জনসাধারণকে সচেতন করতে হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটন বলেন, ভুয়া সাংবাদিকতার নামে কেউ যেন সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বা ব্ল্যাকমেইল করে সুযোগ নিতে না পারে, সে জন্য প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে অপতৎপরতা চালানো ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি। একই সঙ্গে প্রকৃত সাংবাদিক ও ভুয়া পরিচয়ধারীদের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি করা হলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষতি করে না, পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আবেদনে আরও বলা হয়, কিছু ব্যক্তি গোপন তথ্য সংগ্রহ করে তা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষতি করছেন বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে বৈধ গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকদের সম্মান অক্ষুণ্ন রাখা এবং সাধারণ মানুষকে প্রতারণা ও হয়রানি থেকে রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।

এ অবস্থায় জেলা প্রশাসকের দপ্তর থেকে বিধি অনুযায়ী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।

বিষয়