বাগেরহাটের শরণখোলা উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে শরণখোলা জলের ঘাট এলাকায় সাউথখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন মামলার বাদী শহিদুল ইসলাম, নিহতের স্ত্রী সুমাইয়া বেগম, মামলার সাক্ষী সাগর হোসেন, নাসিমা বেগম, নজরুল ইসলাম ও এম মাদুদ।
বক্তারা অভিযোগ করেন, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তারা বলেন, বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে হুমকি দেওয়া হচ্ছে। বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা মামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।







