০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বাগেরহাটে খারদ্বার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাট শহরের ঐতিহ্যবাহী খারদ্বার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল থেকে মসজিদ প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), সিরাত পাঠ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেলে খারদ্বার মসজিদে আয়োজিত অনুষ্ঠানে শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী প্রতিযোগীরা কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও সিরাতসহ বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতাকে ঘিরে মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, সহনশীলতা ও শান্তির বার্তা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

সন্ধ্যার পর মসজিদে অনুষ্ঠিত হয় সীরাত আলোচনা। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, নবুয়ত লাভ, মক্কা ও মদিনার জীবন, ইসলামের প্রচার-প্রসার এবং মানবকল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন খান, খারদ্বার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দীন লনি, কোষাধ্যক্ষ সরদার মোজাহার আলী, মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মোবারেক আলী, হাফেজ মাওলানা ইয়াছিন আলীসহ মসজিদ কমিটির সদস্য, আলেম-ওলামা, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লি ও আগতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

বিষয়

বাগেরহাটে খারদ্বার মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত