০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত নগরায়ণে খুলনাকে উন্নয়নের মডেল হিসেবে দেখতে চায় সরকার: কেডিএ চেয়ারম্যান

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে খুলনাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

তিনি বলেন, “বর্তমান সরকার অবহেলিত খুলনাকে সর্বাধিক উন্নয়নের মডেল হিসেবে দেখতে চায়। খুলনাকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনার লক্ষ্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

সোমবার (১০ আগস্ট) বিকেলে বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে কেডিএর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং তাদের মতামত গ্রহণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

কেডিএ চেয়ারম্যান বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সহযোগিতা প্রয়োজন। স্থানীয় মানুষের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডকে কেডিএর আওতাভুক্ত এলাকার অংশ হিসেবে উপস্থাপন করা হয়। এ সময় মাস্টার প্ল্যান বাস্তবায়ন, পরিকল্পিত নগরায়ণ এবং কেডিএর বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাচান মো. নাসের রিকাবদার, বাগেরহাট পৌরসভার প্রশাসক মেজবা উদ্দিন, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক ও কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম।

বাগেরহাট জেলার সাধারণ মানুষের পক্ষ থেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আশরাফউদ্দৌলা জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল এবং সাংবাদিক ইয়ামিন আলী ও এস এস সোহান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, বর্তমান নির্বাচিত সরকার দেশের উন্নয়নে যে কাজ করে যাচ্ছে, তার সফল বাস্তবায়নে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় কেডিএর সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান বাস্তবায়ন নিয়ে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।

বিষয়