০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর) সকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এসব কর্মসূচির উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

 

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার উদ্বোধন করা হয়।

 

জেলা সমবায় কর্মকর্তা এস, এম, আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কৃষি প্রকৌশলী হারুন-বিন-হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সবিহা মেহেবুবা, দি বাগেরহাট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি ইয়ামিন আলী, রংধনু সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল কালাম আজাদ বুলু প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায়ের মূল শক্তি হলো সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা। এর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব।

 

তারা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালনা করতে হবে। পাশাপাশি সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

পরে সমবায় পণ্য মেলায় বিভিন্ন সমবায় সমিতি ও উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হয়। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন অতিথিরা।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সমবায়ীদের মাঝে উন্নতজাতের গাভী পালনের জন্য মহিলাদের ৫ লক্ষ টাকার আর্বতন ঋনের চেক বিতরণ করা হয়।

বিষয়