বাগেরহাটের চিতলমারীতে দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামজা মুন্সি শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে হামজা মুন্সীর বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের চাচা বাচ্চু মুন্সী জানান, গুলির শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে দেখেন, প্রায় ৬ জন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। তার দাবি, হামজা মুন্সী খুলনায় ব্যাবসা করতেন এবং খুলনার কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
নিহতের পিতা রুহুল আমিন মুন্সী অভিযোগ করে বলেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ বাড়িতে ঢুকে তার ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।







