বাগেরহাটে সুন্দরবনের বাঘ সংরক্ষণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবে সুন্দরবন পূর্ব বন বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। এতে সভাপতিত্ব করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাঘ বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি তার উপস্থাপনায় সুন্দরবনের বাঘ সংরক্ষণের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা, পরিবেশকর্মী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, সুন্দরবন দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং রয়েল বেঙ্গল টাইগার এই বনভূমির প্রধান আকর্ষণ। বাঘ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বনাঞ্চলে অবৈধ কার্যক্রম বন্ধ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাঘ সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় হয় এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।








