বাগেরহাট শহরের ঐতিহ্যবাহী গাজি-কালুর দরগাহ ও সংলগ্ন সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ দুপুরে আদালতে শুনানি শেষে আগামী ২২ এপ্রিল রায়ের দিন ধার্য করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, দরগাহ সংলগ্ন সরকারি জমি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে দখল করে রেখেছে। এতে দরগাহে আগত দর্শনার্থী ও এলাকাবাসী নানা ভোগান্তিতে পড়ছেন।
দরগাহর খাদেম জামাল হাওলাদার বলেন, “এই দরগাহটি বহু পুরনো ও এলাকার মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত। কিন্তু কিছু লোক অবৈধভাবে জায়গা দখল করে রাখায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চাই দ্রুত এই জমি দখলমুক্ত করা হোক।”
স্থানীয় বাসিন্দা বিপুল চৌধুরী, মহারাজ হাওলাদার ও সালাম খান বলেন, “সরকারি জমি দখল করে রাখার কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে জায়গাটি দখলমুক্ত করা হোক।”
এদিকে সংশ্লিষ্টরা আশা করছেন, আদালতের রায়ের মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে এবং দরগাহসহ সরকারি জমি দখলমুক্ত হবে।







