দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঠিক তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য উপাত্ত নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
সভাপতিত্ব করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রাসিউল ইসলাম।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অর্থনৈতিক শুমারি দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, সেবা ও উৎপাদন খাতের বাস্তব চিত্র তুলে ধরে। সঠিক তথ্যের ভিত্তিতে সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে। তাই শুমারির কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে জেলার অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া যাবে, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে বক্তারা অর্থনৈতিক শুমারির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, টেকসই উন্নয়ন ও কার্যকর নীতি নির্ধারণের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সারা দেশে পর্যায়ক্রমে অর্থনৈতিক শুমারি ২০২৪ কার্যক্রম বাস্তবায়ন করছে, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে।







