বাগেরহাট শহরের ঐতিহ্যবাহী গাজী সাহেবের দরগাহ, মসজিদ ও সংলগ্ন সরকারি খাস জমি ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার এবং ঐতিহাসিক স্থাপনাগুলো রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন দরগাহর খাদেম ও ভক্তবৃন্দ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দরগাহর খাদেম, স্থানীয় বাসিন্দা, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সরকারি খাস জমি উদ্ধার করে দরগাহ ও মসজিদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন গাজী সাহেবের দরগাহর খাদেম জামাল হাওলাদার। তিনি বলেন, গাজী সাহেবের দরগাহ শত বছরের ঐতিহ্য বহন করে আসছে। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং বাগেরহাটের ইতিহাস ও সংস্কৃতির অংশ। কিন্তু একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র সরকারি খাস জমি দখল করে দরগাহর স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এতে ভক্ত ও দর্শনার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং ধর্মীয় কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতের সরকারি রেকর্ডে জমিটি খাস হিসেবে উল্লেখ থাকলেও একটি অসাধু মহল বিভিন্ন কৌশলে তা ব্যক্তি মালিকানায় নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত করে সরকারি জমি উদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ভক্তরা বলেন, গাজী সাহেবের দরগাহ বাগেরহাটের একটি ঐতিহাসিক ও ধর্মীয় নিদর্শন। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে জিয়ারত করতে আসেন। কিন্তু অবৈধ দখলের কারণে দরগাহর পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। সরকারি সম্পত্তি দখলমুক্ত করে দরগাহ ও মসজিদ সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তারা বলেন, সরকারি জমি দখলমুক্ত করা হলে দরগাহর উন্নয়ন, দর্শনার্থীদের চলাচল এবং ধর্মীয় কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক এই স্থাপনাটি সংরক্ষণ করা যাবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে সরকারি খাস জমি উদ্ধার, ঐতিহাসিক গাজী সাহেবের দরগাহ ও মসজিদ সংরক্ষণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।









