বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেছেন, “হাসপাতাল মানুষের সেবা দেওয়ার জায়গা। এটি যেন কখনো মানুষের গলাকাটার প্রতিষ্ঠানে পরিণত না হয়। রোগীদের মানবিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসা ব্যবস্থায় জবাবদিহিতা, আন্তরিকতা ও সততার কোনো বিকল্প নেই।”
বৃহস্পতিবার বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় বাগেরহাট ইসলামী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি রাহাত বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বেসরকারি হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে ব্যবসার চেয়ে সেবার মানসিকতাকে অগ্রাধিকার দিতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হলে দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি এবং মানবিক আচরণের সমন্বয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি হাসপাতালের সুনাম নির্ভর করে রোগীদের সন্তুষ্টি ও সেবার মানের ওপর। তাই চিকিৎসা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতি তার নিকট আত্মিয়ের চিকিৎসার জন্য খুলনার বেসরকারী ক্লিনিকে যান। এসময় তিনি একটি লাল চা ( টি-ব্যাগ) পান করেছিলেন। এই লাল চায়ের জন্য তাকে ১২০ টাকা বিল দিতে হয়েছে। এভাবে গলাকাটা ব্যবসা দেখে তিনি হতবাক হয়েছেন বলে অভিযোগ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান মল্লিক, পরিচালক মোস্তাফিজুর রহমান ও মোল্লা লিয়াকত আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগেরহাট ইসলামী হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠান শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষের সফলতা কামনা করেন।








